চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-গ্রামবাসী সংঘর্ষে আটজন গ্রেপ্তার

পর্যটন সংবাদ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর হাটহাজারীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইমরান হোসেন (৩৫), হাসান (২২), রাসেল (৩০), আলমগীর (৩৫), নজরুল ইসলাম (৩০), জাহেদ (৩০), আরমান (২৪) ও দিদারুল আলম (৪৬)। তাঁদের মধ্যে ইমরান, হাসান ও রাসেল মামলার এজাহারভুক্ত আসামি। সবাই হাটহাজারীর ফতেহপুর ইউনিয়নের বাসিন্দা।

এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাটহাজারী থানায় মামলা দায়ের করে। মামলায় নাম উল্লেখ করা হয় ৯৫ জনের এবং অজ্ঞাত আরও এক হাজার জনকে আসামি করা হয়। বাদী ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) আবদুর রহিম।

সংঘর্ষের সূত্রপাত ঘটে গত শনিবার রাতে। অভিযোগ অনুযায়ী, এক ছাত্রীকে ভাড়া বাসার দারোয়ান মারধর করলে শিক্ষার্থীরা প্রতিবাদে নামে। এরপর বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় কয়েক দফা সংঘর্ষ হয় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এতে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ২০০ শিক্ষার্থী আহত হন। স্থানীয়দের দাবি, তাঁদেরও ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

তবে মামলার এজাহারে ছাত্রীকে মারধরের বিষয়টি উল্লেখ করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে আবদুর রহিম বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মামলার খসড়া করা হয়েছে।

Read Previous

কুয়ালালামপুরে জুয়ার আসরে অভিযান: ৩৭৭ বাংলাদেশিসহ ৭৭০ বিদেশি আটক

Read Next

ইউনিয়ন ব্যাংকও একীভূতকরণ উদ্যোগে রাজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular