পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত ও পর্যটকপ্রবণ এলাকা গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস, এরপর দ্রুতই ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, “সকাল ১০টার দিকে আমাদের কাছে সংবাদ আসে। দ্রুত আমরা ইউনিট পাঠাই এবং কাজ এখনও চলমান রয়েছে। আগুনের উৎস বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”
সুন্দরবন স্কয়ার মার্কেট গুলিস্তানে অবস্থিত একটি জনপ্রিয় শপিং স্পট। দেশি-বিদেশি পর্যটক এবং সাধারণ ক্রেতাদের জন্য এ স্থানটি অন্যতম গন্তব্য। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আপাতত মার্কেট এলাকা ও এর আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
পর্যটকদের প্রতি পরামর্শ: সুন্দরবন স্কয়ার ও এর আশপাশের এলাকাগুলোতে আপাতত ভ্রমণ বা কেনাকাটার পরিকল্পনা স্থগিত রাখার অনুরোধ জানানো হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পর এলাকাটি পুনরায় খুলে দেওয়া হতে পারে।



