২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ঘুরতে এসে অপহৃত তিন কিশোর পর্যটক উদ্ধার, অপহরণকারী আটক

পর্যটন সংবাদ ডেস্ক: কক্সবাজার সমুদ্রসৈকতে ঘুরতে এসে অপহরণের শিকার হওয়া তিন কিশোর পর্যটককে উদ্ধার করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। বৃহস্পতিবার ভোরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের একটি পাহাড় থেকে তাদের হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। অভিযানে অপহরণ চক্রের এক সদস্য মো. রিয়াদ (১৯) কে আটক করেছে র‍্যাব।

উদ্ধার হওয়া কিশোররা হলেন মো. সাইদুল ইসলাম (১৬), মিজবাহ উদ্দিন (১৪) ও ওবাদুল ইসলাম (১৫)। তিনজনেরই বাড়ি চট্টগ্রাম মহানগরে।
র‍্যাব সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই বিকেলে হানিফ পরিবহনের একটি বাসে করে চট্টগ্রাম থেকে কক্সবাজারে বেড়াতে আসে তারা। রাত আটটার দিকে কক্সবাজার বাস টার্মিনালে পৌঁছানোর পর ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে হোটেলে যাওয়ার পথে অপহরণের শিকার হয় তিন কিশোর।

পরে অপহরণকারীরা তাদের পরিবারের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় মিজবাহ উদ্দিনের মা চট্টগ্রামের কর্ণফুলী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে বুধবার (১৬ জুলাই) র‍্যাব-১৫–এর অধিনায়কের কাছে লিখিত অভিযোগ দেন স্বজনরা।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ ম ফারুক জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃতদের অবস্থান শনাক্ত করে র‍্যাব একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ১২-১৫ জন অপহরণকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হন। পরে পাহাড়ের আস্তানায় তল্লাশি চালিয়ে তিন কিশোরকে উদ্ধার করা হয়।

অপহৃত কিশোরদের প্রাথমিক চিকিৎসা শেষে এবং আটক রিয়াদকে জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এই ঘটনায় কক্সবাজারের পর্যটন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তা জোরদার এবং পর্যটকদের সুরক্ষায় কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

Read Previous

সুন্দরবনে হরিণ শিকার: ঢাকাগামী বাস থেকে মাংসসহ দুইজন আটক

Read Next

হাতিরঝিলে পর্যটনে স্মার্ট যাত্রা: চক্রাকার বাস ও ওয়াটার ট্যাক্সিতে চালু হচ্ছে র‍্যাপিড পাস ই-টিকিটিং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular