
পর্যটন সংবাদ ডেস্ক: হাতিরঝিলের পর্যটনযাত্রা হতে যাচ্ছে আরও আধুনিক ও সহজতর। ঢাকার জনপ্রিয় পর্যটন কেন্দ্র হাতিরঝিলে চক্রাকার বাস ও ওয়াটার ট্যাক্সিতে আসছে র্যাপিড পাসের মাধ্যমে স্মার্ট ই-টিকিটিং ব্যবস্থা। আগামী ২০ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে এই যুগোপযোগী ব্যবস্থা। তবে, এরই মধ্যে গত ১৪ জুলাই থেকে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
ডিটিসিএ-এর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম পর্যটন সংবাদকে জানান, “চালুর দিন থেকেই বাসগুলো এফডিসি পর্যন্ত গিয়ে আবার হাতিরঝিলে ফিরে আসবে। এতে করে যারা মেট্রোরেল ব্যবহার করে কারওয়ান বাজারে নামবেন, তারা সহজেই র্যাপিড পাস ব্যবহার করে চক্রাকার বাস ও ওয়াটার ট্যাক্সিতে যাতায়াত করতে পারবেন।”
তিনি আরও জানান, র্যাপিড পাস ব্যবহার উপযোগী করে প্রাথমিকভাবে চারটি বাস কাউন্টার এবং দুটি ওয়াটার ট্যাক্সি ঘাট নির্ধারণ করা হয়েছে। ওয়াটার বাসের দুটি ঘাট — এফডিসি ও পুলিশ প্লাজায় র্যাপিড পাস মেশিন বসানো হচ্ছে। এছাড়া গুদারাঘাট ও রামপুরা ঘাটে আগস্ট মাসে মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে।
বাসের ক্ষেত্রে, মোট ১০টি কাউন্টারের মধ্যে এফডিসি, পুলিশ প্লাজা, রামপুরা ও বাড্ডা এলাকায় ছয়টি কাউন্টারে র্যাপিড পাস টিকিটিং চালু করতে কাজ চলছে।
হাতিরঝিলে ঘুরতে আসা পর্যটকদের জন্য এটি একটি বড় সুবিধা হতে যাচ্ছে। স্মার্ট এই টিকিটিং পদ্ধতি সময় বাঁচাবে, ভ্রমণ হবে আরও ঝামেলামুক্ত। প্রযুক্তির সহায়তায় নগর পর্যটন হয়ে উঠছে আরও আধুনিক ও কার্যকর।



