
পর্যটন সংবাদ ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েলের মধ্যকার চলমান সামরিক উত্তেজনা কেবলমাত্র রাজনৈতিক বা কূটনৈতিক অঙ্গনেই সীমাবদ্ধ থাকছে না, বরং এর গুরুতর প্রভাব পড়ছে আঞ্চলিক পর্যটন শিল্পে। নিরাপত্তা হুমকি, বিমান চলাচলের সীমাবদ্ধতা, এবং ভ্রমণ ব্যয় বৃদ্ধির কারণে পর্যটকদের আগ্রহ কমে যাচ্ছে মধ্যপ্রাচ্যগামী যাত্রায়।
সম্প্রতি সংঘাতের কারণে ইরান, ইসরায়েল, সিরিয়া ও লেবাননের আকাশপথে বিমান চলাচল বন্ধ বা সীমিত করা হয়েছে। ফলে এই অঞ্চলের উপর দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে বিকল্প রুট গ্রহণ করতে বাধ্য করা হয়েছে। এর ফলে ফ্লাইটের সময় যেমন বেড়েছে, তেমনি টিকিটের মূল্যও অস্বাভাবিকভাবে বাড়ছে। ইউরোপ থেকে এশিয়া কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভ্রমণ এখন অনেকটাই সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হয়ে উঠছে।
ইসরায়েলে বর্তমানে প্রায় ৪০,০০০-এর বেশি বিদেশি পর্যটক আটকা পড়েছেন। যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক ফ্লাইট বাতিল হয়েছে, এবং পর্যটকদের নিরাপদে দেশে ফেরত পাঠাতে বিভিন্ন দেশের দূতাবাসগুলো হিমশিম খাচ্ছে। অন্যদিকে, দুবাই, দোহা এবং অন্যান্য উপসাগরীয় হাবে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে, যার ফলে উপসাগরীয় দেশগুলোতেও পর্যটনের ওপর চাপ পড়েছে।
পর্যটন নির্ভর অর্থনীতির দেশ যেমন জর্ডান, লেবানন, তুরস্ক, এমনকি সংযুক্ত আরব আমিরাতও এই যুদ্ধের প্রভাব থেকে মুক্ত নয়। এসব দেশে হোটেল বুকিং বাতিল হচ্ছে, ট্যুর প্যাকেজের চাহিদা কমছে এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাগুলো অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়ছে। বিশেষ করে যারা ধর্মীয় কিংবা ঐতিহাসিক সফরের উদ্দেশ্যে এই অঞ্চলগুলোতে ভ্রমণ করতেন, তাদের মধ্যে ভয় ও শঙ্কা বেড়েছে।
এই যুদ্ধের আরেকটি উদ্বেগজনক দিক হলো, ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শনের ওপর সম্ভাব্য হামলার আশঙ্কা। অতীতে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে যেমনভাবে গুরুত্বপূর্ণ নিদর্শন ধ্বংস হয়েছে, এবারও একই ধরনের ঘটনা ঘটতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এসব ক্ষতি দীর্ঘমেয়াদে পর্যটনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তা শুধু মধ্যপ্রাচ্যের পর্যটন নয়, বিশ্ব পর্যটন বাজারের দিক পরিবর্তন করে দিতে পারে। নিরাপত্তা ও স্থিতিশীলতা পর্যটনের অন্যতম প্রধান শর্ত, আর এই যুদ্ধ সেই ভিত্তিকেই চ্যালেঞ্জের মুখে ফেলছে।



