
পর্যটন সংবাদ ডেস্ক: ভারতের জনপ্রিয় বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণে আকাশে প্রায় ৪০ মিনিট ধরে চক্কর কাটতে বাধ্য হয় বিমানটি। ফ্লাইটটি অন্ধ্র প্রদেশের তিরুপতি থেকে তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছিল। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে শেষ পর্যন্ত সেটি নিরাপদেই তিরুপতি বিমানবন্দরে ফিরে আসে।
নির্ভরযোগ্য সূত্র এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে ফ্লাইট ৬ই ৬৫৯১ তিরুপতি থেকে উড্ডয়ন করে। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এতে করে ফ্লাইটটি ভেঙ্কটগিরি শহরের আকাশে পৌঁছেই ইউটার্ন নেয় এবং প্রায় ৪০ মিনিট ধরে আকাশে চক্কর দেয়ার পর অবতরণ করে তিরুপতি বিমানবন্দরে।
পাইলট যাত্রীদের সুরক্ষার কথা বিবেচনায় রেখে বুদ্ধিমত্তার সঙ্গে বিমানটিকে পুনরায় তিরুপতিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। সৌভাগ্যক্রমে, এই ঘটনায় কোনো যাত্রী আহত হননি। পরবর্তীতে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ফ্লাইট বিলম্ব এবং সূচি পরিবর্তন নিয়ে যাত্রী ও ইন্ডিগো কর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। তবে এই ঘটনাটি নিয়ে এখনো ইন্ডিগোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
উল্লেখ্য, তিরুপতি হিন্দু তীর্থযাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গন্তব্যস্থল। তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির ঘিরে এই শহরে সারা বছরজুড়ে পর্যটকদের আনাগোনা থাকে। তাই এ ধরনের ফ্লাইট সংক্রান্ত নিরাপত্তাজনিত ঘটনা তীর্থযাত্রী ও সাধারণ পর্যটকদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।



