২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হালুগাইট্ট্যে মুড়ির টিন’ গেয়ে সমাপনী মাতালেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সেনারা

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর সাত দিনের যৌথ মহড়া শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুরুল হক বিমানঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে মহড়ার সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাপনী অনুষ্ঠানের পর ভিন্ন এক মুহূর্তে ধরা পড়ে দুই দেশের সেনাদের সাংস্কৃতিক মিলন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ বিমানবাহিনীর এক সদস্য কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘হালুগাইট্ট্যে মুড়ির টিন’ পরিবেশন করছেন। তাঁর সঙ্গে গিটার ও শেকার বাজাচ্ছেন কয়েকজন মার্কিন সেনা। আরেকজন গানের সঙ্গে কণ্ঠ মেলাচ্ছেন, তাল মেলাচ্ছেন অন্যরা।

সাংবাদিক রেজাউল করিম ভিডিওটি প্রথম ফেসবুকে শেয়ার করেন। তিনি জানান, ভিডিওটি ঘাঁটির অডিটরিয়ামেই ধারণ করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর শুরু হওয়া মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার, যুক্তরাষ্ট্র প্যাসিফিক এয়ার ফোর্সের দুটি সি-১৩০জে পরিবহন বিমানসহ দুই দেশের মোট আড়াই শতাধিক সদস্য অংশ নেন। এ ছাড়া বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সদস্যরাও মহড়ায় যুক্ত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি, ইউএস প্যাসিফিক এয়ার ফোর্সের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।

আইএসপিআর জানিয়েছে, মহড়ার মূল লক্ষ্য ছিল প্রতিকূল পরিস্থিতি ও দুর্যোগে বিমানবাহিনীর পরিবহন বিমান ও হেলিকপ্টার ব্যবহারে দক্ষতা বাড়ানো। পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়, কৌশলগত সহযোগিতা ও পারস্পরিক আস্থা বৃদ্ধিই ছিল এ মহড়ার বড় অর্জন।

এ সময় স্থানীয় জনগণকে চিকিৎসা ও লজিস্টিক সহায়তা দিয়ে মহড়ায় মানবিক দিকও যুক্ত করা হয়, যা দুই দেশের সম্পর্ককে আরও স্থিতিশীল ভিত্তি দিয়েছে।

Read Previous

যশোরে ভারতীয় নাগরিক আটক, বিদেশি মদ উদ্ধার

Read Next

সৌদি আরবকে সম্পর্ক পুনর্গঠনের আহ্বান হিজবুল্লাহর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular