সুন্দরবনে হরিণ শিকার: ঢাকাগামী বাস থেকে মাংসসহ দুইজন আটক

পর্যটন সংবাদ ডেস্ক: পর্যটনের অন্যতম আকর্ষণ বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন আবারও হরিণ শিকারের করুণ ঘটনার সাক্ষী হলো। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যরা ১০ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছেন।

জানা যায়, মঠবাড়িয়ার বাবুরহাট বাজার এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় বন বিভাগের টহল দল। সকাল সাড়ে ৭টার দিকে বাসটির সাইট বক্সের ভেতরে কৌশলে লুকানো অবস্থায় পাওয়া যায় বস্তাবন্দী ককশিটে মোড়ানো হরিণের মাংস। ঘটনাস্থলেই হাতে-নাতে আটক করা হয় দুই পাচারকারী আব্দুস ছালাম (৪০)মো. জাকারিয়া (২৫)-কে।

পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, “আটক ব্যক্তিরা সুন্দরবন থেকে অবৈধভাবে হরিণ শিকার করে মাংস পাচারের চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।”

এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হলো যে, পর্যটনের পাশাপাশি সুন্দরবনের জীববৈচিত্র্য আজ নানা হুমকির মুখে। পরিবেশ ও বন সংরক্ষণের স্বার্থে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের আরও সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সুন্দরবন শুধু একটি বন নয়, এটি একটি সম্পদ, যা আমাদের প্রাকৃতিক পর্যটনের মূল আকর্ষণ। এমন শিকার ও পাচারের ঘটনা এই বিস্ময়কর জীববৈচিত্র্যকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

পর্যটন সংবাদ প্রতিনিধি
সূত্র: বন বিভাগ, শরণখোলা রেঞ্জ

Read Previous

বর্ষায় সৌন্দর্য ছড়িয়ে পড়ে দেশজুড়ে: প্রকৃতির সান্নিধ্যে ঘুরে আসুন নয়নাভিরাম ৫ স্থান

Read Next

কক্সবাজারে ঘুরতে এসে অপহৃত তিন কিশোর পর্যটক উদ্ধার, অপহরণকারী আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular