
পর্যটন সংবাদ ডেস্ক: সুদানের সেনাবাহিনী দারফুরে আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নিয়ন্ত্রিত নিয়ালা বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানে বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে।
বুধবার (৬ আগস্ট) গভীর রাতে সংঘটিত এ হামলার লক্ষ্য ছিল কলম্বিয়ান ভাড়াটে সৈন্য বহনকারী বিমান। সামরিক সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, বোমা হামলায় বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়। বিমানটিতে বিদেশি যোদ্ধা ও সামরিক সরঞ্জাম ছিল, যা আরএসএফকে সহায়তার জন্য পাঠানো হয়েছিল।
ঘটনা নিয়ে আরএসএফ বা আমিরাতের পক্ষ থেকে তাৎক্ষণিক স্বীকৃতি মেলেনি। তবে এক আমিরাতি কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে এটিকে “মিথ্যা দাবি” বলে উল্লেখ করেছেন।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো জানিয়েছেন, হামলায় কতজন কলম্বিয়ান নিহত হয়েছেন, তা খুঁজে বের করার চেষ্টা চলছে এবং প্রয়োজনে মরদেহ ফিরিয়ে আনা হবে।
সুদানের সেনাবাহিনী দীর্ঘদিন ধরে আবুধাবির বিরুদ্ধে আরএসএফকে উন্নত অস্ত্র, বিশেষ করে ড্রোন সরবরাহের অভিযোগ করে আসছে। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট চিত্রেও নিয়ালা বিমানবন্দরে চীনা তৈরি দূরপাল্লার ড্রোন দেখা গেছে।
জাতিসংঘ বিশেষজ্ঞদের তথ্যমতে, ২০২৪ সালের শেষের দিকে দারফুরে কলম্বিয়ান ভাড়াটে যোদ্ধাদের আগমন শুরু হয় এবং তারা বিভিন্ন ফ্রন্টে লড়াই চালিয়ে যাচ্ছে।



