সার্বিয়ার ভিসাযুক্ত ২০ বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক: বেনাপোল বন্দরে গোয়েন্দা তৎপরতা জোরদার

পর্যটন সংবাদ ডেস্ক | বেনাপোল:  বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল গেট থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক বেচারাম প্রামাণিক (৪৩) কে আটক করেছে বন্দর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আনসার কমান্ডার হেলালউজ্জামান জানান, ভারত থেকে একটি ট্রাকে করে অবৈধভাবে বাংলাদেশি পাসপোর্ট প্রবেশের চেষ্টা হচ্ছে—এমন তথ্য পাওয়ার পর টার্মিনালে নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে ভারতের পেট্রাপোল থেকে কার্যক্রম শেষ করে বাংলাদেশে প্রবেশ করা ট্রাকচালক বেচারাম প্রামাণিককে থামিয়ে তল্লাশি চালানো হয়। তার সঙ্গে থাকা ব্যাগে ২০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়, যেগুলোর প্রতিটিতে সার্বিয়ার ভিসা সন্নিবেশ করা ছিল।

বিশেষ সূত্র জানায়, পাসপোর্টগুলো ভারত থেকে অবৈধভাবে এনে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল। এসব পাসপোর্টধারী ব্যক্তিরা ইউরোপিয়ান কোনো দেশে যাওয়ার উদ্দেশ্যে সার্বিয়ার ভিসা গ্রহণ করেছিল বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকৃত পাসপোর্টধারীদের মধ্যে রয়েছেন—চাঁদপুর, নোয়াখালী, কিশোরগঞ্জ, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, গাজীপুর, মানিকগঞ্জ, ফেনী ও নরসিংদী জেলার বাসিন্দারা। প্রত্যেক পাসপোর্টে ২০২৫ সালের ২৪ জুন তারিখে সার্বিয়ার ভিসা লাগানো রয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তবে আটক পাসপোর্টধারীরা কোনো রাজনৈতিক দলের সদস্য কিনা অথবা কোনো মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটক ভারতীয় ট্রাকচালককে পাসপোর্টসহ স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান আনসার কমান্ডার।

পর্যটন নিরাপত্তা ও চলাচল নিয়ন্ত্রণে এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় সতর্কবার্তা হয়ে উঠেছে। একইসঙ্গে আন্তর্জাতিক ভ্রমণ ও অভিবাসন সংক্রান্ত জালিয়াতি বা মানবপাচার রোধে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

Read Previous

মানিকছড়ি অ্যান্ড্রয়েড ইকো-টুরিজম পার্ক পরিদর্শনে বিভাগীয় কমিশনার

Read Next

চট্টগ্রাম বন্দরে অলস পড়ে থাকা বিলাসবহুল গাড়িগুলোর শেষ ঠিকানা ‘স্ক্র্যাপ শেড’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular