
পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, “গণঅধিকার পরিষদ আমাদের অফিসে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ দলের আর রাজনীতি করার অধিকার নেই। আমরা সন্ত্রাসবিরোধী আইনে তাদের নিষেধাজ্ঞা চাই।”
তিনি অভিযোগ করেন, হামলাকারীরা পার্টি অফিসের নামাজ ঘর, প্রকাশনা বিভাগ ও চেয়ারম্যানের কক্ষ ভাঙচুর করে জানালা ভেঙে আগুন দেয়। এমনকি নামাজ ঘরের গ্রিলও ভেঙে নিয়ে যায় বলে দাবি করেন তিনি।
শামীম হায়দার পাটোয়ারী অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ চালায় বলে অভিযোগ করেছে জাপা।



