
পর্যটন সংবাদ ডেস্ক: লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে (সোয়াস) এক সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তার গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হলেও উপদেষ্টা নিজে তখন সেই গাড়িতে ছিলেন না।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ হাইকমিশন ও সোয়াস যৌথভাবে “জুলাই গণঅভ্যুত্থানের এক বছর” শীর্ষক সেমিনারের আয়োজন করে। এতে অতিথি হিসেবে যোগ দেন মাহফুজ আলম। অনুষ্ঠান চলাকালে আওয়ামী লীগের প্রায় ১৮ জন কর্মী সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন। আগে থেকেই পুলিশ মোতায়েন থাকায় উপদেষ্টার যাত্রায় কোনো বাধা সৃষ্টি হয়নি।
অনুষ্ঠান শেষে একাধিক গাড়ি নিয়ে উপদেষ্টা প্রাঙ্গণ ত্যাগ করেন। পরে হাইকমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন কর্মী রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করলেও পুলিশের হস্তক্ষেপে তা ব্যর্থ হয়। এরপরই গাড়িগুলোতে ডিম নিক্ষেপ করা হয়।
সন্ধ্যায় মাহফুজ আলম হাইকমিশনে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, লন্ডন মেট্রোপলিটন পুলিশ উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছে।
আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে মাহফুজ আলম বলেন, “আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম।”



