লক্ষ্মীপুরে বাস খালে পড়ে ২ জনের মৃত্যু, উদ্ধার অভিযানে দেরির অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি। পর্যটন সংবাদ: লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আনন্দ পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে যায়। এতে এখন পর্যন্ত দুইজনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী বাসটি দুর্ঘটনার শিকার হয়। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন জানান, অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। এর মধ্যে দুজন মারা গেছেন, বাকিদের আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন দুইজনের মরদেহ আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে উভয়পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার দুই ঘণ্টা পার হলেও ঘটনাস্থলে ডুবুরি দল পৌঁছায়নি। ফায়ার সার্ভিসের দেরিতে আসার কারণে ক্ষয়ক্ষতি বেড়েছে বলে দাবি তাদের। স্থানীয়দের আশঙ্কা, বাসের ভেতরে এখনও কেউ আটকা পড়ে থাকতে পারেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাসটি উদ্ধারের কাজ চলছিল। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

Read Previous

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

Read Next

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে বি ও জেড ক্যাটাগরির শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular