
পর্যটন সংবাদ ডেস্ক: রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘শিওরক্যাশ’ আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে। এর পরিবর্তে ব্যাংকটি নিয়ে আসছে নতুন মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘রূপালীক্যাশ’। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে এ সেবা চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে শিওরক্যাশ সেবা বন্ধ রাখা হয়েছে। এ সময় পর্যন্ত গ্রাহকরা কোনো মোবাইল ব্যাংকিং সেবা নিতে পারবেন না। নতুন সেবা চালুর আগের এক সপ্তাহ গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ব্যাংকটি।
শিওরক্যাশ নিয়ে দীর্ঘদিন ধরেই চ্যালেঞ্জের মুখে ছিল রূপালী ব্যাংক। শুরুতে বেসরকারি প্রতিষ্ঠান প্রগতি সিস্টেমস লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই সেবা চালু করেছিল তারা। কিন্তু করোনা মহামারির পর প্রগতি সিস্টেমস সেবার ধরন পরিবর্তনের উদ্যোগ নিলে ব্যাংকটি বিপাকে পড়ে।
পরবর্তীতে শিওরক্যাশের ডেটা সেন্টারসহ পুরো সিস্টেম রূপালী ব্যাংকের নিয়ন্ত্রণে আসে। এখন সেই সেবার নাম পরিবর্তন করে চালু হচ্ছে নতুন মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালীক্যাশ’।
অর্থাৎ, এক সপ্তাহ অপেক্ষার পর রূপালী ব্যাংকের গ্রাহকরা নতুন নামে আগের সব মোবাইল ব্যাংকিং সুবিধা পাবেন।



