
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক: রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাতকা অঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
কামচাতকার গভর্নর ভ্লাদিমির সলোদভ জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবাগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। স্থানীয়দের উপকূলীয় এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের আশঙ্কা, উপকূলে ০.৫ থেকে ১.৫ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে।
রাশিয়ার দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, পার্শ্ববর্তী জাপানের কুরিল দ্বীপপুঞ্জেও সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস ও প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার আলাস্কার কিছু অংশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। সেখানে প্রবল স্রোত তৈরি হতে পারে এবং কামচাতকা উপকূলের কিছু এলাকায় সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স



