
পর্যটন সংবাদ ডেস্ক : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশিদের জন্য মেডিক্যাল ভিসা সহজ করার ঘোষণা দিয়েছে, যা আগামী রোববার (১০ আগস্ট) থেকে কার্যকর হবে। এই সুখবরটি ছড়িয়ে পড়তেই কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর ও দিল্লির ব্যবসায়ী মহলে আনন্দের ঢেউ নেমে এসেছে।
প্রতিবছর প্রায় ৩৬ লাখ বাংলাদেশি চিকিৎসা, ব্যবসা ও পর্যটন কাজে ভারতের বিভিন্ন শহরে যেতেন। তবে গত এক বছর ধরে ভিসানীতির জটিলতার কারণে বাংলাদেশি পর্যটক ও রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। এর ফলে ভারতের বড় শহরগুলোর বাংলাদেশ নির্ভর ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বহু ব্যবসায়ী বাধ্য হয়ে পেশা পরিবর্তনের পথে পা বাড়াতে হয়।
বিশেষ করে কলকাতার নিউমার্কেট, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোরের হাসপাতালগুলোতে রোগীর আগমন কমে যাওয়ায় সংশ্লিষ্ট অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছিল। পাশাপাশি হোটেল, পরিবহন, মুদ্রা বিনিময় এবং খুচরা বাজারেও মন্দার ছায়া নেমে আসে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশি গ্রাহকের উপর নির্ভরশীল এসব খাতের জন্য এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়েছিল।
এবার ভারতের নতুন এই ভিসা সহজীকরণের মাধ্যমে দুই দেশের মানুষ ও ব্যবসায়িক সম্পর্ক পুনরুজ্জীবিত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। পর্যটক ও রোগীদের আগমন বাড়ার ফলে ভারতীয় শহরগুলোর অর্থনীতি এবং বাংলাদেশি পর্যটনখাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, “ভিসার এই পরিবর্তন দুই দেশের মধ্যকার বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও মজবুত করবে। বাংলাদেশের মানুষের জন্য সহজভিসা প্রক্রিয়া চিকিৎসা ও পর্যটনের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে।”
ভারত-বাংলাদেশের উন্নত পারস্পরিক সম্পর্কের জন্য এ সিদ্ধান্তকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।



