বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় বাংলাদেশি তরুণী সাবিতা বিনতে আজাদ শিফা

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের জন্য গর্বের খবর—বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় জায়গা করে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাবিতা বিনতে আজাদ শিফা। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটম তাকে মনোনীত করেছে ভিজিবল পাওয়ার ফিমেল লিডারশিপ ক্যাটাগরিতে। হাজারো আবেদনকারীর মধ্য থেকে কঠোর বাছাই প্রক্রিয়া শেষে তিনি এই সম্মান অর্জন করেন।

শিফার এই অর্জনের পেছনে রয়েছে তার কর্মজীবনের অভিজ্ঞতা, স্বেচ্ছাসেবামূলক কাজ এবং গবেষণামূলক কার্যক্রম। তিনি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এ প্রভাষক ছিলেন এবং ভারতের মেঘালয়ে গবেষণামূলক কাজ করেছেন। মানবসেবার ক্ষেত্রেও তিনি রেখেছেন দৃষ্টান্তমূলক ভূমিকা। ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশে রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রকল্পে লিড প্রোগ্রাম অফিসার হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি তরুণদের সফট স্কিল উন্নয়নে কাজ করছেন এবং প্রতিষ্ঠা করেছেন ভিলেজ ইমপাওয়ারমেন্ট নামের একটি সংগঠন। লক্ষ্য—২০২৭ সালের মধ্যে এক লাখ শিশুকে দক্ষ করে তোলা।

গাজীপুরের মেয়ে শিফা এসেছেন একটি শিক্ষিত পরিবার থেকে। বাবা ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ দু’বার জাতিসংঘের স্কলারশিপ পান এবং রাশিয়ার লুমুম্বা ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা নেন। মা সোহরাত বেগম ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

আন্তর্জাতিক মঞ্চেও শিফার উপস্থিতি দীর্ঘদিনের। তিনি অংশ নিয়েছেন রাশিয়ার সোচিতে ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল (২০২৫), মস্কোতে ইন্টারন্যাশনাল চিলড্রেনস কমিটি (২০২৪), এবং ওরেনবুর্গে ইউরেশিয়া গ্লোবাল-এ। ২০১৯-২০ সালে টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনাল আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব পাবলিক স্পিকিং-এ বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয়ে এশিয়ার সেমিফাইনালেও জায়গা করে নেন। এছাড়া তিনি বাংলাদেশের প্রথম অ্যাডভান্সড টোস্টমাস্টার্স ক্লাবের নারী সভাপতি এবং আন্তর্জাতিক বক্তা হিসেবে ভারত ও নেপালে বক্তব্য রেখেছেন।

বর্তমানে শিফা রাশিয়ার ডাইরেক্টোরেট অব দ্য ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল-এর অধীন ন্যাশনাল প্রিপারেটরি কমিটি অব বাংলাদেশ-এর শিশু কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আগামীতে শীর্ষ ৫০ নারী নেত্রীর সঙ্গে তিনি অংশ নেবেন রাশিয়ার ওয়ার্ল্ড অ্যাটমিক উইক এবং আন্তর্জাতিক নারী নেতৃত্ব কর্মশালা ফিমেল লিডারশিপ ক্যাম্প-এ। সেখানে ১০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী একত্র হবেন পারমাণবিক শিল্পের ৮০ বছরের সাফল্য উদযাপনে।

বাংলাদেশি তরুণীদের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন সাবিতা বিনতে আজাদ শিফা।

Read Previous

সাতক্ষীরায় বিদ্যালয়ে সহকারী শিক্ষককে মারধর, জড়িত বিএনপি ও ছাত্রদল নেতা

Read Next

নওয়াপাড়া পৌর বিএনপির স্থগিত নেতা জনিসহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular