
পর্যটন সংবাদ ডেস্ক: বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই বিশ্বজুড়ে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে লগইন করতে না পেরে সমস্যায় পড়েন। বাংলাদেশও এর বাইরে নয়।
জনপ্রিয় সার্ভিস মনিটরিং প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্যে দেখা গেছে, বাংলাদেশ সময় সকাল প্রায় ১০টার দিকে ফেসবুক বিভ্রাটের রিপোর্ট হঠাৎ বেড়ে যায়। মাত্র এক মিনিটের মধ্যে শতাধিক ব্যবহারকারী সমস্যার কথা জানায়, যা তাদের ট্র্যাকার গ্রাফেও স্পষ্ট।
অনেকের দাবি, ফেসবুকে প্রবেশের চেষ্টা করলে ‘অ্যাডভান্সড প্রোটেকশন’ নামের একটি নতুন নিরাপত্তা স্ক্রিন দেখা যাচ্ছে। কিন্তু ওই ধাপে প্রবেশের পর বেশিরভাগই আর লগইন সম্পন্ন করতে পারছেন না। এতে ব্যক্তিগত বার্তা বিনিময়, পেজ ব্যবস্থাপনা, এমনকি ব্যবসায়িক কাজেও ব্যাঘাত ঘটছে।
ফেসবুক এখনো এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এটি হয়তো নিরাপত্তা ফিচারের ত্রুটি, সার্ভারের সমস্যা, বা সাইবার হামলা ঠেকাতে জরুরি আপডেটের অংশ হতে পারে।
এই বিভ্রাটকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেক ব্যবহারকারী টুইটার (এক্স) ও অন্যান্য প্ল্যাটফর্মে ফেসবুক কবে স্বাভাবিক হবে, তা জানতে চাইছেন।



