
পর্যটন সংবাদ প্রতিবেদক: মানিলন্ডারিংয়ের অভিযোগে গ্রেপ্তারকৃত বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৩০ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এই আদেশ দেন।
এর আগে ১০ দিনের রিমান্ড শেষে খায়রুল বাশারকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
গত ১৪ জুলাই রাজধানীর ধানমন্ডির একটি ভবনের নিচতলা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। পরদিন ১৫ জুলাই আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, খায়রুল বাশার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন এবং ছেলে আরশ ইবনে বাশার মিলে বিদেশে উচ্চশিক্ষার প্রলোভনে ১৪১ শিক্ষার্থীর কাছ থেকে ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ‘আকর্ষণীয় ও চটকদার বিজ্ঞাপন’ দেখিয়ে শিক্ষার্থীদের প্রতারণার ফাঁদে ফেলেছে বলে অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, এ ঘটনায় গত ৪ মে গুলশান থানায় সিআইডির উপ-পরিদর্শক রুহুল আমিন বাদী হয়ে মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করেন।
এই মামলার পরিপ্রেক্ষিতে বিদেশগামী শিক্ষার্থী ও তাদের পরিবারে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভুক্তভোগী আরও কেউ থাকলে দ্রুত তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।



