
আইফোন ১৬ বাজারে আনার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে অ্যাপল। ‘ইটস গ্লোটাইম’ নামের অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তাদের বহুল প্রত্যাশিত ফ্ল্যাগশিপ ফোনের নতুন মডেলের বিষয়ে ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
নতুন আইফোনের উন্নত হার্ডওয়্যার, বর্ধিত এআই সক্ষমতা ও আরও কার্যকর ডিজাইনের ওপর জোর দিয়েছে অ্যাপল।
অ্যাপল জানিয়েছে, এটাই জেনারেটিভ এআই সক্ষমতাকে পুরোপুরি কাজে লাগাতে সক্ষম প্রথম আইফোন। অ্যাপলের দাবি, মুখের ভাষা ব্যবহার করেই আইফোন ১৬’র এআই সক্ষমতাকে কাজে লাগানো যাবে।
নতুন ডিভাইসটিতে বেশ কিছু হার্ডওয়্যার আপডেট রয়েছে। ফোনটি দেখতে এর আগের মডেল আইফোন ১৫ এর মতোই, তবে এর ডিজাইনে কিছু সূক্ষ্ম পরিবর্তন আনা হয়েছে।
অ্যাপল জানিয়েছে, নতুন আইফোনের পাশাপাশি অ্যাপল ওয়াচ সিরিজ ১০ ও এয়ারপড ৪-ও আসছে বাজারে।
যেসব মডেল থাকছে
আইফোন ১৬, ১৬ প্লাস, ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্সের ঘোষণা দিয়েছে অ্যাপল। বেশ কয়েকটি নতুন রঙে আইফোন ১৬’র ডিভাইসগুলো পাওয়া যাবে, যার মধ্যে আছে আল্ট্রামেরিন, টিল, গোলাপি, কালো ও সাদা।
প্রো মডেলের ডিসপ্লের আকার সামান্য বাড়ছে। আইফোন ১৬ প্রোতে ৬.৩ ইঞ্চি স্ক্রিন ও প্রো ম্যাক্সে ৬.৯ ইঞ্চি স্ক্রিন থাকবে।
অ্যাপলের সর্বশেষ ঘোষণা মতে ১২৮ গিগাবাইটের আইফোন ১৬’র দাম হবে ৭৯৯ ডলার (প্রায় ৯৫ হাজার ৮৮০ টাকা)। আইফোন ১৬ প্লাস (১২৮ জিবি) মডেলের দাম ৮৯৯ ডলার (প্রায় এক লাখ সাত হাজার ৮৮০ টাকা)।
টাকার মানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ বিনিময় মূল্য (১ ডলার = ১২০ টাকা) ধরা হয়েছে।
আগামী শুক্রবার থেকে আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস প্রিঅর্ডার করা যাবে। ২০ সেপ্টেম্বর থেকে ফোনগুলো মার্কিন বাজারে পাওয়া যাবে।
তবে বাংলাদেশের বাজারে কবে এই ফোন পাওয়া যাবে তা এখনো নিশ্চিত নয়।
আইফোন ১৬’র ডিজাইনে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন ফোনের পেছনের দুইটি রিয়ার ক্যামেরা (আজকাল সেলফি ক্যামেরা নামেও পরিচিত) আবারও আগের মতো ওপর-নিচে বসানো হয়েছে। আইফোন ১৫, ১৪ ও ১৩ মডেলে এটি কোনাকুনি ভাবে বসানো হয়েছিল। সর্বশেষ আইফোন ১২ মডেলে এভাবে ক্যামেরার অবস্থান ছিল।
এই পরিবর্তনের মাধ্যমে আইফোনের ‘স্প্যাশিয়াল ভিডিও’ ফিচারের কার্যকারিতা বাড়বে। তবে এ ধরনের ভিডিও উপভোগ করতে অ্যাপল ভিশন প্রো হেডসেট প্রয়োজন।
আইফোন ১৫ মডেলের অনন্য বৈশিষ্ট্যগুলো নতুন মডেলে অপরিবর্তিত থাকছে, যেমন চতুর্ভুজাকৃতির অফ-ফ্রেম, রিয়ার গ্লাসের মাধ্যমে ম্যাগসেফ ওয়ারলেস চার্জিং সুবিধা, ফ্রন্ট ক্যামেরা ও ফেস আইডি সেন্সরের জন্য অ্যাপলের ডায়নামিক আইল্যান্ড কাটআউট ডিজাইন।
পর্যটন সংবাদ/



