বাংলাদেশে বিমান দুর্ঘটনায় শোকাহত ক্রীড়াবিশ্ব: পাকিস্তানি তারকাদের হৃদয়স্পর্শী বার্তা

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন, যাদের মধ্যে ২৫ জনই শিশু। রাষ্ট্রজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জাতীয়ভাবে পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক। এই মর্মান্তিক ঘটনায় কেবল দেশ নয়, বিশ্বজুড়েই নেমে এসেছে শোকের স্রোত। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকাদের পাশাপাশি আন্তর্জাতিক তারকারাও প্রকাশ করেছেন তাদের গভীর সমবেদনা।

বর্তমানে বাংলাদেশ সফররত পাকিস্তান ক্রিকেট দলও এই হৃদয়বিদারক ঘটনার প্রভাব থেকে বাদ যায়নি। টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে তারা কালো আর্মব্যান্ড পরে। বিসিবির পক্ষ থেকে ম্যাচ চলাকালীন নীরবতা পালন, পতাকা অর্ধনমিত রাখা ও স্টেডিয়ামের মিউজিক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে দল থেকে ছিটকে থাকা পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি সামাজিক মাধ্যমে লেখেন,
“হৃদয়বিদারক এবং দুঃখজনক ঘটনা। বাংলাদেশে বিমান দুর্ঘটনার শিকার হওয়া সবার জন্য দোয়া করছি। অলৌকিক কিছু এবং ভুক্তভোগী পরিবার যেন শক্তি পায় সেই প্রত্যাশা।”

সিরিজ খেলতে আসা ওপেনার ফখর জামানও লেখেন,
“ঢাকায় আজকের মর্মান্তিক দুর্ঘটনা শুনে খুবই খারাপ লাগছে। এই ঘটনার শিকার ভুক্তভোগী, তাদের পরিবারসহ সবার জন্য আমার দোয়া।”

এছাড়া, হাসান আলি ও নাসিম শাহ—যারা বর্তমানে দলে নেই—তাঁরাও সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। হাসান আলি লিখেছেন,
“ঢাকার হৃদয়বিদারক ঘটনায় শোকাহত। কিছু নিষ্পাপ প্রাণ দ্রুত ঝরে গেল। আমার হৃদয় এবং প্রার্থনা ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে আছে। আল্লাহ তাদের ধৈর্য্য দিন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

নাসিম শাহ জানান,
“বাংলাদেশ থেকে হৃদয়বিদারক খবর এলো। যে দেশটি আমার হৃদয়ের খুব নিকটে। বিধ্বংসী দুর্ঘটনার ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য দোয়া করছি। এই অন্ধকার সময় কাটিয়ে তারা শান্তি ও শক্তি খুঁজে পাক।”

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি যুদ্ধবিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। এতে মারা যান পাইলট তৌকির ইসলাম, কলেজের শিক্ষক মাহরীন চৌধুরীসহ ২৫ জন শিশু শিক্ষার্থী। আহত আরও অন্তত ৭৮ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

‘পর্যটন সংবাদ’ পরিবার নিহতদের আত্মার শান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

Read Previous

আইএসপিআর জানায় উত্তরায় বিধ্বস্ত বিমানটি ছিল যুদ্ধবিমান 

Read Next

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বেড়াতে গেলে প্রস্তুতি নিয়ে নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular