
পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশীদ আজ দুপুরে ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত (এমপি) উপস্থিত ছিলেন। আলোচনায় উভয়পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার ওপর বিশেষ জোর দেন।
বৈঠকে পর্যটন খাতে সহযোগিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। বিশেষ করে কক্সবাজার ও কুয়াকাটার উপকূলীয় পর্যটন উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উভয় দেশ পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও সুসংহত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরে গভীর আগ্রহ প্রকাশ করেছে। প্রস্তাবিত এই এমওইউ দুই দেশের মধ্যে জ্ঞান ও দক্ষতা বিনিময়, পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং যৌথ উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশীদ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে তাঁর দেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।
এই সাক্ষাৎকে দুই দেশের পর্যটন সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


