
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পদত্যাগপত্র জমা দেন। এটি আগামী ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে।
গণঅভ্যুত্থানের পর সরকার পরিবর্তনের ধারাবাহিকতায় এর আগে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, দুই ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও নীতি উপদেষ্টা পদত্যাগ করতে বাধ্য হন। তবে তারা সবাই ছিলেন চুক্তিভিত্তিক কর্মকর্তা। নিয়মিত কর্মকর্তা হিসেবে মেজবাউল হকই প্রথম স্বেচ্ছায় পদত্যাগ করলেন।
২০২২ সালের ডিসেম্বরে তিনি নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পান এবং একই সময়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দায়িত্বও পান। দীর্ঘদিন তিনি পেমেন্ট সিস্টেম বিভাগে দায়িত্ব পালন করেন। গণঅভ্যুত্থানের পর তাকে কেন্দ্রীয় কার্যালয় থেকে বদলি করে রাজশাহী অফিসে পাঠানো হয়।
১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন মেজবাউল হক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে এমএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।



