
পর্যটন সংবাদ ডেস্ক: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট আকার ধারণ করেছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া ও বৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের কিছু এলাকায়ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।
পর্যটন নগরী কক্সবাজার, কুয়াকাটা ও সেন্টমার্টিনে অবস্থানরত ভ্রমণপিপাসুদের জন্য এ পূর্বাভাস গুরুত্বপূর্ণ। হঠাৎ দমকা হাওয়া ও বৃষ্টির কারণে সমুদ্র ভ্রমণ বা সৈকতে সময় কাটানো ঝুঁকিপূর্ণ হতে পারে। ভ্রমণকারীদের স্থানীয় প্রশাসন ও আবহাওয়া অফিসের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মতে, এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, ফলে প্রকৃতিতে শীতলতা আসতে পারে। তবে ভ্রমণে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখাই হবে বুদ্ধিমানের কাজ।



