পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের মধ্যে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর আড়াইটা থেকে প্রায় ২০ মিনিট ধরে হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসভবনে এ বৈঠক হয়। সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইন জানিয়েছেন, এটি আগে থেকেই নির্ধারিত ছিল এবং মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও বৈঠকে দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা, মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন নিয়ে আলোচনা হয়।
এর আগে, গত মঙ্গলবার রাজধানীর গুলশানে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বৈঠক করেন ট্রেসি অ্যান জ্যাকবসন। ওই বৈঠকে কমিশনের সদস্য সচিব মনির হায়দার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান এরিক গিলান উপস্থিত ছিলেন। সেখানে বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের প্রস্তুতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।



