
পর্যটন সংবাদ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৩১ আগস্ট) বিকেলে ধারাবাহিকভাবে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আলোচনা করবেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিকেল ৩টায় বিএনপির সঙ্গে, সাড়ে ৪টায় জামায়াতের সঙ্গে এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বৈঠক হবে। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
শনিবার যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান উপদেষ্টার দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বিলম্বিত বা বানচাল করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলেও জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, জনগণের ইচ্ছা জয়ী হবে এবং কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করতে দেওয়া হবে না।



