১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা ইউনূস: রাজনীতিতে আসার ইচ্ছে নেই, ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য নির্বাচন হবে

ফাইল ছবি

পর্যটন সংবাদ ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সক্রিয় রাজনীতিতে প্রবেশ বা নিজে নির্বাচন করার কোনো ইচ্ছে তার নেই। তিনি স্পষ্টভাবে বলেছেন, “না, রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই, আমি সেই লোক নই।”

সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১৫ আগস্ট) সাক্ষাৎকারটির কিছু অংশ প্রকাশ করা হয়।

ড. ইউনূস জানান, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হলো সংস্কারকে এগিয়ে নেওয়া, এবং গত এক বছরে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তার অন্যতম বড় অর্জন হিসেবে তিনি উল্লেখ করেন ঐকমত্য কমিশন গঠনকে, যা ১১টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে কাজ করছে।

তিনি আশা প্রকাশ করেন, এ মাসের শেষের দিকে ঐকমত্য কমিশনের নির্বাচনসংক্রান্ত সংস্কার প্রতিবেদন পাওয়া যাবে, যা একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার পথ খুলে দেবে। কমিশনটি রাজনৈতিকভাবে সংবেদনশীল নানা বিষয়ে দলগুলোর সম্মতিও আদায় করছে।

প্রধান উপদেষ্টা বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি প্রতিশ্রুতি দেন, এবারের নির্বাচন হবে আগের তিনটি ‘মিথ্যা’ নির্বাচনের চেয়ে ভালো। তার ভাষায়, “অনেক বছর পর প্রথমবারের মতো জনগণ প্রকৃত নির্বাচন পাবে। আগের নির্বাচনগুলোতে মানুষ ভোটকেন্দ্রে যায়নি, জানেও না সেখানে কী হয়েছে।”

ড. ইউনূস আরও বলেন, যেসব লাখ লাখ ভোটার অতীতে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, তাদের জন্য এবারের নির্বাচন হবে বিশেষ গুরুত্বপূর্ণ।

সূত্র: বার্নামা

Read Previous

নওগাঁয় আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপরে, ৩০টি পয়েন্ট ঝুঁকিতে

Read Next

দিল্লিতে হুমায়ুনের সমাধিতে ধস, পর্যটকসহ বহু মানুষ আটকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular