
পর্যটন সংবাদ ডেস্ক: পিলখানা হত্যাকাণ্ডের ইতিহাসকে কেন্দ্র করে নির্মিত প্রামাণ্যচিত্র ‘৩৬ আওয়ার্স অব বিট্রেয়াল’ গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে। এটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত একটি প্রামাণ্যচিত্র, যা ফ্যাসিবাদী আমলের দুঃশাসন ও জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, এই প্রামাণ্যচিত্র সিরিজের অংশ হিসেবে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সমৃদ্ধভাবে উপস্থাপন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, “২০০৯ সালের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া পিলখানা হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক সংকটপূর্ণ মুহূর্ত ছিল, যেখান থেকে শুরু হয় ১৬ বছরের দীর্ঘ পরাধীনতার কালচক্র।”
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেশপ্রেম ও ইতিহাস সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই প্রামাণ্যচিত্রগুলো প্রদর্শন করছে। দর্শকরা প্রামাণ্যচিত্রটির মাধ্যমে তৎকালীন দুঃসহ পরিস্থিতি ও মুক্তির সংগ্রামের গভীরতা দেখতে পাবেন।



