২২/০৪/২০২৬
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পারকি সমুদ্রসৈকত পর্যটন কমপ্লেক্স ডিসেম্বরেই প্রস্তুত

পর্যটন সংবাদ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্রসৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

বুধবার দুপুরে পারকি সৈকতে চলমান ‘পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন (২য় সংশোধিত)’ প্রকল্প পরিদর্শন শেষে তিনি জানান, পানি সংকটসহ নানা কারণে কাজের অগ্রগতি ধীর হয়ে পড়েছিল। তবে প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিশ্রুতি দিয়েছে, ডিসেম্বরের মধ্যেই সব অবকাঠামোগত কাজ শেষ হবে।

পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, প্রকল্প পরিচালক মাজেদুর রহমান, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা উপস্থিত ছিলেন।

সচিব বেগম নাসরীন জাহান বলেন, “পারকি সমুদ্রসৈকতের পর্যটন কমপ্লেক্স একটি সম্ভাবনাময় প্রকল্প। স্থানীয়দের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা জরুরি।”

২০১৮ সালে ১৩.৩৬ একর জমিতে ৬২ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শুরু হয়। প্রথমে দুই বছরের মেয়াদ থাকলেও ধীরগতির কারণে একাধিকবার সময় ও বাজেট বাড়াতে হয়। সর্বশেষ সংশোধনে প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে ৭১.২৫ কোটি টাকা।

প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষের আশা, পর্যটন কমপ্লেক্স চালু হলে পারকি সমুদ্রসৈকত শুধু চট্টগ্রাম নয়, দেশের অন্যতম আকর্ষণীয় সমুদ্রকেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

Read Previous

ব্যাটারি চালিত অটোরিকশা: নগর জীবনে ভোগান্তি নাকি জীবিকার ভরসা?

Read Next

আরুগাম বে: শ্রীলঙ্কায় সার্ফিং স্বর্গ, বাংলাদেশি পর্যটকদের নতুন গন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular