
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’। এতে দেশের পর্যটন খাতে যুক্ত হয়েছে একটি নতুন প্রযুক্তিগত সুবিধা, যা দেশি-বিদেশি পর্যটকদের জন্য লেনদেনকে করবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ।
আজ মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন। সেবাটি বাস্তবায়নে প্রযুক্তি জায়ান্ট গুগলের সঙ্গে অংশীদার হয়েছে সিটি ব্যাংক। সহযোগী হিসেবে আছে আন্তর্জাতিক পেমেন্ট ব্র্যান্ড মাস্টারকার্ড ও ভিসা।
সিটি ব্যাংকই প্রথম বাংলাদেশি ব্যাংক যারা সরাসরি গুগল পের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে প্রাথমিকভাবে শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা ‘গুগল ওয়ালেট’-এ তাদের কার্ড যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে আরও ব্যাংক যুক্ত হলে এই সুবিধা সর্বজনীন হবে বলে আশা করা হচ্ছে।
পর্যটকদের জন্য সুবিধা কী?
বাংলাদেশে ঘুরতে আসা পর্যটকরা কিংবা দেশের ভেতরেই যেকোনো গন্তব্যে ভ্রমণরত নাগরিকরা এখন থেকে অ্যান্ড্রয়েড ফোন ট্যাপ করেই হোটেল, রেস্তোরাঁ, দোকান কিংবা ট্যুর গাইডিং সার্ভিসে পেমেন্ট করতে পারবেন। কার্ড হাতে বহনের প্রয়োজন হবে না।
এই পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে গ্রাহকের অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকা বাধ্যতামূলক এবং গুগল পে অ্যাপ ডাউনলোড করে তাতে সিটি ব্যাংকের কার্ড যুক্ত করতে হবে।
সেবাটি চালুর মাধ্যমে দেশে ডিজিটাল লেনদেন ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকরা বাংলাদেশে এসেও পরিচিত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন, যা আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যটন সেবায় যুক্ত করবে নতুন মাত্রা।
গুগল পে ব্যবহার করে যে কোনো দেশে, যে কোনো পয়েন্ট-অব-সেল টার্মিনালে লেনদেন করা যাবে, যেখানে মাস্টারকার্ড বা ভিসা গ্রহণযোগ্য। গুগল এই লেনদেনে কোনো অতিরিক্ত ফি নেয় না।
পর্যটন খাতে ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ, আর গুগল পে এর চালু হওয়া সেই পথচলার একটি যুগান্তকারী সংযোজন।



