২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী-৬ আসনের সাবেক এমপির পরিবারে বিপুল সম্পদ ক্রোকের আদেশ

নিজস্ব প্রতিবেদক │ পর্যটন সংবাদ: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদৌস, দুই ছেলে আশিক আলী ও মাহতাব আলী এবং মেয়ে সুমাইয়া আলী ঈশিতার নামে থাকা বিপুল স্থাবর–অস্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৮ আগস্ট ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন সংস্থাটির কর্মকর্তা মো. সিফাত উদ্দিন।

আদেশ অনুযায়ী, রাজধানীর ধানমন্ডি এলাকায় ছয়তলা একটি বাড়ি, নোয়াখালীর হাতিয়া উপজেলায় ৫১ দলিলভুক্ত জমি, পরিবারের মালিকানাধীন তিনটি নৌযান ও চারটি গাড়ি ক্রোক করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যাংকের মোট ৩১টি হিসাব ফ্রিজ করা হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, মোহাম্মদ আলী ও তার পরিবারের সদস্যরা অবৈধভাবে সম্পদ অর্জন করে তা ভোগদখল করে আসছেন। একই সঙ্গে এসব সম্পদ বিক্রি বা হস্তান্তরের চেষ্টা চলছে বলে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে। ফলে রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় সম্পদগুলো অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়ে।

মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ১৭ ধারার আওতায় ভবিষ্যতে এসব সম্পদ বাজেয়াপ্ত করার সুযোগ রাখতে আদালত এ আদেশ দেন।

Read Previous

আর্মেনিয়া ভ্রমণে পর্যটকদের জন্য সহজ ই-ভিসা ব্যবস্থা

Read Next

জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে কার্যকর সমাধানের প্রত্যাশা: টম অ্যান্ড্রুজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular