নেপালে বিক্ষোভে উত্তাল পরিস্থিতি, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ

পর্যটন সংবাদ ডেস্ক: নেপালে চলমান বিক্ষোভ আরও সহিংস রূপ নিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধরা প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল ও প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ব্যক্তিগত বাসভবনে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাঠমান্ডুর বোহারতার এলাকায় প্রেসিডেন্টের বাসভবনে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। বাসার ছাদ থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ভক্তপুরের বালকোটে প্রধানমন্ত্রী ওলির ব্যক্তিগত বাসভবনেও একইভাবে আগুন লাগানো হয়। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও বিপুলসংখ্যক বিক্ষোভকারী সেখানে হামলা চালাতে সক্ষম হয়।

এ ঘটনার মাত্র একদিন আগে পুলিশের গুলিতে ১৯ জন নিহত ও ৪০০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া যায়। তার পর থেকেই দেশজুড়ে উত্তেজনা আরও বেড়ে যায়।

এদিকে বিবিসির খবরে জানানো হয়েছে, চলমান সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। তার সচিবালয়ের এক বিবৃতিতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়। নিজের বিবৃতিতে ওলি বলেন, সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করতেই তিনি পদত্যাগ করেছেন।

শুধু প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবন নয়, বিক্ষোভকারীদের আক্রমণের শিকার হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাও। তার বাসভবনসহ বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।

বর্তমানে কাঠমান্ডুসহ নেপালের গুরুত্বপূর্ণ এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো স্পষ্ট না।

Read Previous

আরাকান আর্মির প্রধান আয়ের উৎস মাদক: স্বরাষ্ট্র উপদেষ্টা

Read Next

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাংবাদিক তরিকুল শিবলীর মৃত্যুতে ভিপি প্রার্থী সাদিক কায়েমের শোক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular