
পর্যটন সংবাদ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথে কোনো ধরনের প্রতিবন্ধকতা তিনি দেখছেন না। নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “আমরা আশা করি সরকার দ্রুত তাদের অবস্থান স্পষ্ট করবে এবং নির্বাচন কমিশনকেও যথাযথ পরামর্শ প্রদান করবে। কারণ একটি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক সরকার গঠনের পথ একমাত্র নির্বাচনই।”
নজরুল ইসলাম খান বলেন, “হাটহাজারীর এ ঐতিহ্যবাহী মাদ্রাসার নেতৃত্ব ও অতীতে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের অবদান জাতি মনে রেখেছে। আমাদের আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মামলা, হামলার মধ্যেও আমরা লড়াই চালিয়ে গেছি সকলকে নিয়ে।”
তিনি মাদ্রাসার দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বেগম জিয়াও অতীতে শহীদদের মতামত নিয়ে কাজ করতেন। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরাও আপনাদের দোয়া ও পরামর্শ নিয়ে কাজ করতে চাই, যেন শহীদ ও নিপীড়িত মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারি।”
বিশেষভাবে ২০১৩ সালে হেফাজতের আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ করে তিনি বলেন, “তাদের প্রত্যাশাও যেন আমরা বাস্তবায়ন করতে পারি—এই দোয়া ও সহযোগিতা চাই।”



