
পর্যটন সংবাদ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলছে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে স্থাপিত ২২৪টি বুথে। এর মধ্যে রয়েছে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল।
জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, প্রতিটি হলে একজন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ৬৭ জন শিক্ষক পোলিং অফিসার এবং সমসংখ্যক কর্মকর্তা সহকারী পোলিং অফিসার হিসেবে দায়িত্বে আছেন। শৃঙ্খলা রক্ষায় আনসার ও নিরাপত্তাকর্মীরা কাজ করছেন।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৮ জন প্রার্থী। সহসভাপতি পদে ৯ জন, সাধারণ সম্পাদক পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন লড়ছেন।
নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১,৫০০ পুলিশ সদস্যের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি ও ৫ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, প্রচারণা শেষ হয়েছে ৯ সেপ্টেম্বর মধ্যরাতে। আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।



