১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার উত্তর-দক্ষিন মিলিয়ে বসছে ১৯টি কোরবানির পশুর হাট

ঈদ-উল-আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ১৯টি অস্থায়ী কোরবানি পশুর হাট বসবে এবার। এরমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসসিসি) বসবে১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) বসবে মাত্র নয়টি হাট। ঈদুল আজহার দিনসহ মোট ৫ দিন নির্ধারিত স্থানে কোরবানির পশু বেচাকেনার জন্য হাট বসবে।

দুই সিটি কর্পোরেশনে হাটের ইজারা চূড়ান্ত করতে ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে।প্রতিবারের মতোই এবারো সর্বোচ্চ দরদাতাকে হাটের ইজারা দেওয়া হবে। তবে কোনো হাটে কাঙ্ক্ষিত দর পাওয়া না গেলে সেটি আবারো ইজারা দেওয়া হবে বলে জানিয়েছেন দুই সিটির সম্পত্তি বিভাগের কর্মকর্তারা।

১০টি অস্থায়ী হাট বসাতে বিজ্ঞপ্তি দিয়ে দরপত্র আহ্বান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর মধ্যে ভাটারা সুতিভোলা খালসংলগ্ন খালি জায়গা ৩ কোটি ৭০ লাখ টাকা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টরসংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গা ৮ কোটি ৯০ লাখ, বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগরের এম-৪, এম-৫ ও এন-৪ ব্লক (লেকের উত্তর পার্শ্বে আংশিক), সানভ্যালি (আংশিক) এর খালি জায়গা ১ কোটি ৭৭ লাখ ২৫ হাজার টাকা, মিরপুর ৬ নম্বর ওয়ার্ডের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা ১ কোটি ৩৮ লাখ ১৬ হাজার ৭৮৬ টাকা, মোহাম্মদপুর বছিলার ৪০ ফুট রাস্তাসংলগ্ন খালি জায়গা ২ কোটি ২০ লাখ টাকা, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট সংলগ্ন খালি জায়গা ৬৪ লাখ ২ হাজার ৪শ’ টাকা, খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গা ১ কোটি ৭ হাজার ৫শ’ টাকা, ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে ১০নং সেক্টর রানাভোলা স্লুইসগেট পর্যন্ত খালি জায়গা ৮১ লাখ ২০ হাজার টাকা, মিরপুর কালশী বালুর মাঠের খালি জায়গা ৮০ লাখ টাকা এবং খিলক্ষেত বনরূপা আবাসিক এলাকার খালি জায়গা ১ কোটি ৮০ লাখ টাকা সরকারি ইজারা মূল্য ধরা হয়েছে।

উত্তর সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম বলেন, প্রথম পর্যায়ে দরপত্র বিক্রির শেষ তারিখ ১৫ মে। দ্বিতীয় পর্যায়ে ২৬ মে দরপত্র বিক্রি শেষ হবে। প্রথম পর্যায়ে সরকারি দরের চেয়ে বেশি দর দাখিল করলে দ্বিতীয় পর্যায়ে এ কার্যক্রম পরিচালিত হবে না।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নয়টি অস্থায়ী হাট বসাতে বিজ্ঞপ্তি দিয়ে দরপত্র আহ্বান করেছে। এর মধ্যে উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা ১ কোটি ৭৪ লাখ ৭২ হাজার ৩৩৪ টাকা, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পার্শ্বে নদীর পাড়ে খালি জায়গা ২ কোটি ৬৯ লাখ ৯৮ হাজার ২শ’ টাকা, দনিয়া কলেজের পূর্ব পার্শ্বে ও সনটেক মহিলা মাদ্রাসার পূর্ব পশ্চিমের খালি জায়গা ৪ কোটি ৭২ লাখ ৫ হাজার ৬১১ টাকা, সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পার্শ্বের খালি জায়গা ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল ৪ কোটি ৬৪ লাখ ১৫ হাজার ২৮০ টাকা, রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা ৬২ লাখ ৬৭ হাজার ৭৪ টাকা, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডসংলগ্ন খালি জায়গা ৬৬ লাখ ৯৬ হাজার ২০ টাকা, ইন্সটিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশের খালি জায়গা ৪ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার ৪শ’ টাকা, কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের পূর্ব পাশের খালি জায়গা ৩ কোটি ৭৫ লাখ ২৪ হাজার টাকা এবং আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পূর্ব পার্শ্বের খালি জায়গা ৫৩ লাখ টাকা সরকারি ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইছার মোহাম্মদ ফারাবি জানান, প্রথমে রাজধানীর আফতাবনগর ও মেরাদিয়ায় পশুর হাট বসানোর ব্যাপারে সিদ্ধান্ত থাকলেও এর ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকায় এই দুই স্থানে এবার পশুর হাট বসানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

দুই সিটির সম্পত্তি বিভাগের কর্মকর্তারা জানান, দরপত্র গৃহীত হওয়ার ৩ দিনের মধ্যে জামানত ব্যতীত অবশিষ্ট অর্থ, ১৫ শতাংশ মূল্য সংযোজন কর, ১০ শতাংশ আয়কর, নির্ধারিত হারে পরিচ্ছন্ন ফি সিটি কর্পোরেশনে পরিশোধ করে কার্যাদেশ গ্রহণ করতে হবে।

কুরবানির জন্য এই ১৯টি অস্থায়ী হাট ছাড়াও উত্তর সিটি এলাকায় গাবতলী পশুর হাট ও দক্ষিণ সিটি এলাকায় সারুলিয়া পশুর হাটেও কোরবানির পশু বেচাকেনা চলমান থাকবে।

Read Previous

ঢাকা যেন কৃষ্ণচূড়ার রঙে রঙিন

Read Next

পাকিস্তানের পালটা হামলায় বন্ধ ঘোষণা করেছে ভারতের একাধিক বিমানবন্দর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular