ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফের পদত্যাগ

পর্যটন সংবাদ ডেস্ক: দায়িত্ব গ্রহণের এক বছরেরও কম সময়ের মাথায় পদত্যাগ করলেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ। গত বৃহস্পতিবার তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার পরিবর্তনের পর ব্যাংকের ভেতরে চাপ বাড়তে থাকে। এ সময় পরিচালনা পর্ষদের কয়েকজন সাবেক ও বর্তমান সদস্য হঠাৎ সক্রিয় হয়ে ওঠেন। এতে ভেতরে টানাপোড়েন তৈরি হয় এবং এর মধ্যেই মারুফ পদত্যাগের সিদ্ধান্ত নেন।

২০২৩ সালের অক্টোবরে ঢাকা ব্যাংকে এমডি হিসেবে যোগ দেন তিনি। এর আগে সিটি ব্যাংকে অতিরিক্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তাঁর পদত্যাগ প্রসঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার জানিয়েছেন, “আমাদের সঙ্গে তাঁর কোনো দ্বন্দ্ব ছিল না। তবে বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু নিয়ম পরিপালনে তিনি ব্যর্থ হয়েছেন। পদত্যাগপত্র আমরা পেয়েছি, আগামী সোমবার পর্ষদ সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।”

এর আগে চলতি আগস্টের শুরুতে এক সপ্তাহের ব্যবধানে আরও তিন ব্যাংকের এমডি পদত্যাগ করেন। সাউথইস্ট ব্যাংকের এমডিকে আগেই ছুটিতে পাঠানো হয়, পাশাপাশি মেঘনা ব্যাংক ও কমার্স ব্যাংকের এমডিরাও হঠাৎ পদত্যাগ করেন।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, এমডির পদত্যাগপত্র তাৎক্ষণিক কার্যকর হয় না। কারণ উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হয়। পরে বাংলাদেশ ব্যাংক চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। অতীতে পদত্যাগের পর আবার দায়িত্বে ফেরার নজিরও রয়েছে।

Read Previous

অন্তর্বর্তী সরকারের এক বছরে অর্থনৈতিক সূচকে অগ্রগতি, কিন্তু চ্যালেঞ্জ রয়ে গেছে

Read Next

ব্যাংক ঋণ কেলেঙ্কারি: ডেল্টা অ্যাক্সেসরিজ চেয়ারম্যানসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular