
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, তা মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পাসে ভোটগ্রহণ চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রাকিবুল অভিযোগ করেন, বুথের তুলনায় পর্যাপ্ত পোলিং এজেন্ট নেই। এতে ভোট প্রক্রিয়ায় সমস্যা তৈরি হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, একজন ভোটারকে দুটি ব্যালট পেপার দেওয়ার অভিযোগও এসেছে।
সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনেকে ভিড় এড়াতে সকাল সকালই কেন্দ্রে পৌঁছান।
এবার ডাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন।
মূল ডাকসুতে ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদের ২৩৪ পদে লড়ছেন ১ হাজার ৩৫ জন। ফলে একজন ভোটারকে সর্বমোট ৪১টি ভোট দিতে হচ্ছে।
এবার আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।



