
পর্যটন সংবাদ ডেস্ক: সম্প্রতি এক ওয়াজ মাহফিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সম্পর্কে সম্মানহানিকর ও মিথ্যা বক্তব্য দেওয়ার অভিযোগে মুফতি মাওলানা আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডাকযোগে এ নোটিশ পাঠান বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সিনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। নোটিশে বলা হয়, আমির হামজা ওয়াজ মাহফিলে নিজেকে জাবির সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করা সাবেক শিক্ষার্থী দাবি করেছেন। একই সঙ্গে তিনি অযৌক্তিকভাবে বলেন, জাবির হলে শিক্ষার্থীরা নাকি সকালে ‘মদ’ দিয়ে কুলি করে এবং ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়। এসব বক্তব্যকে ‘মনগড়া, কুরুচিপূর্ণ ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্নকারী’ বলে উল্লেখ করা হয়েছে।
ব্যারিস্টার শিহাব জানান, এ ধরনের অসত্য বক্তব্য বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সুনাম নষ্ট করেছে এবং শিক্ষার্থী-অভিভাবক মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সাবেক শিক্ষার্থী হিসেবে তার নিজের অনুভূতিতেও আঘাত লেগেছে।
নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এর বর্তমান-সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের কাছে প্রকাশ্যে প্রেস রিলিজ আকারে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে মুফতি আমির হামজাকে। পাশাপাশি মিথ্যা বক্তব্য সম্বলিত ভিডিওটি ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই ওই বক্তব্য অস্বীকার করে বিজ্ঞপ্তি দিয়েছে। তবে মুফতি আমির হামজা এ নিয়ে কোনো প্রতিবাদ জানাননি। নোটিশে এটিই তার বক্তব্যের অসত্যতা ও মানহানিকর প্রকৃতি প্রমাণ করে বলে উল্লেখ করা হয়।



