২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে ভাল্লুক আতঙ্কে ইয়ামাগাতা বিমানবন্দরে ফ্লাইট বাতিল, পর্যটকদের দুর্ভোগ

 

পর্যটন সংবাদ ডেস্ক: জাপানের উত্তরাঞ্চলের ইয়ামাগাতা বিমানবন্দরে বিরল এক ঘটনার মুখোমুখি হয়েছে বিমান চলাচল কর্তৃপক্ষ এবং যাত্রীরা। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে একটি কালো ভাল্লুক আকস্মিকভাবে রানওয়েতে ঢুকে পড়ায় অন্তত ১২টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে করে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের ভোগান্তির শেষ ছিল না।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাল্লুকটি রানওয়ের ভেতরে ঢুকে পড়ে কিছুক্ষণ আপন মনে ঘোরাঘুরি করতে থাকে। কর্তৃপক্ষ দ্রুত একে সরানোর চেষ্টা করলে সেটি আরও আক্রমণাত্মক আচরণ শুরু করে। ফলে হ্যাঙ্গার থেকে কোনো বিমান বের করাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

ইয়ামাগাতা বিমানবন্দরের কর্মকর্তা আকিরা নাগাই জানান, “বর্তমান পরিস্থিতিতে আমরা কোনোভাবেই বিমান ওঠানামার ব্যবস্থা করতে পারছি না। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, চলতি বছরেই এটি দ্বিতীয়বারের মতো ভাল্লুক ঢুকে পড়ার ঘটনা। এ ধরনের পরিস্থিতি বারবার ঘটায় স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

ভাল্লুকটি ধরতে শিকারিদের সহযোগিতায় ফাঁদ পাতা হয়েছে এবং পুলিশ পুরো বিমানবন্দর এলাকা ঘিরে রেখেছে যেন প্রাণীটি পালিয়ে যেতে না পারে।

জাপানের পরিবেশ ও বন্যপ্রাণী সংক্রান্ত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এক বছরে দেশটিতে রেকর্ড ২১৯টি ভাল্লুক আক্রমণের ঘটনা ঘটেছে, যার মধ্যে ছয়টি ছিল প্রাণঘাতী।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং শীতঘুমের (হাইবারনেশন) সময়সীমায় পরিবর্তনের ফলে ভাল্লুকরা বনাঞ্চল ছেড়ে খাদ্যের সন্ধানে শহরের দিকে চলে আসছে। এছাড়া জাপানের গ্রামীণ জনসংখ্যা হ্রাস পাওয়াও বন্যপ্রাণীদের চলাফেরার স্বাধীনতাকে বাড়িয়ে দিচ্ছে।

এ ঘটনায় ইয়ামাগাতা অঞ্চলে আসা দেশি-বিদেশি পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই তাদের ভ্রমণসূচি পরিবর্তন করতে বাধ্য হয়েছেন।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন এবং বন বিভাগকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।

Read Previous

পর্যটকশূন্য সেন্টমার্টিনে অলস সময়, জীবন-জীবিকায় নেমেছে স্থবিরতা

Read Next

ফেসবুকে নবী-সাহাবি নিয়ে কটূক্তির অভিযোগে মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular