জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধস: ১০ শ্রমিক আহত

পর্যটন সংবাদ প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়ার ঘটনায় ১০ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিদ্রোহী হলের পাশে নতুন ছাত্র হল নির্মাণকাজ চলাকালে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ করে ভবনের একটি অংশ ধসে পড়ে এবং কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে যান। স্থানীয় শ্রমিকরা ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত উদ্ধার কাজে অংশ নিয়ে আহতদের হাসপাতালে পাঠান।

সরজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছিল নিম্নমানের রড ও সাধারণ পাটের দড়ি। ছিল না কোনো নিরাপত্তা সরঞ্জাম—শ্রমিকদের কারো মাথায় হেলমেট কিংবা শরীরে সুরক্ষামূলক পোশাক দেখা যায়নি। এ নিয়ে হতাশা প্রকাশ করেন এক অভিজ্ঞ শ্রমিক, যিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমি ১০ বছর ধরে নির্মাণকাজে জড়িত, কিন্তু কখনও বৃষ্টির মধ্যে ছাদ ঢালাই করতে দেখিনি। এটা খুবই ঝুঁকিপূর্ণ ও নিম্নমানের কাজ।”

ঘটনার পর পরই ভবনটির দায়িত্বরত প্রকৌশলী মো. রাহাত হাসান দিদার জানান, “সবকিছুই পরিকল্পনা অনুযায়ী করা হয়েছে। মূলত বৃষ্টির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, “ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান। পাশাপাশি, ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ও নির্মাণ তদারকি নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Read Previous

শুল্ক হ্রাসে স্বস্তি, যুক্তরাষ্ট্রের বাজারে নতুন সুযোগ পেল বাংলাদেশ

Read Next

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর ২০% পাল্টা শুল্ক, মোট শুল্কহার দাঁড়ালো ৩৫%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular