
পর্যটন সংবাদ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। আর জিএস পদে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মাজহারুল ইসলাম।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে ২১টি হলের সবক’টি কেন্দ্রে ভোট গণনা শেষ হয়। গণনা শেষে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ফলাফল অনুযায়ী, ভিপি পদে জিতুর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সমন্বিত শিক্ষার্থী জোট সমর্থিত প্রার্থী আরিফ উল্লাহর। অন্যদিকে জিএস পদে মাজহারুল ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ ছাত্র-ছাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ (বাগছাস) সমর্থিত আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম।
তবে এখনো আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।



