
পর্যটন সংবাদ ডেস্ক: চাঁদপুরে ট্রলারভর্তি সাগরের ইলিশ বাজারে আসতে শুরু করেছে। ফলে স্থানীয় ঘাটগুলোতে ইলিশের সরবরাহ বেড়েছে। তবে পদ্মা-মেঘনার ইলিশের দাম আগের মতোই উচ্চ পর্যায়ে রয়েছে।
শনিবার (৯ আগস্ট) ভোরে শহরের বড়স্টেশন মাছঘাটে ঘুরে জানা যায়, পদ্মা-মেঘনার ইলিশের কেজি এখনো ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকা। স্থানীয় আড়তদার সম্রাট বেপারী বলেন, “নদীতে পর্যাপ্ত ইলিশ মিলছে না। তাই দামে কোনো পরিবর্তন হয়নি।”
অন্যদিকে, হাতিয়া থেকে বরফযুক্ত ফিশিং ট্রলারে প্রায় ৪০০ মণ সাগরের ইলিশ চাঁদপুরে এসেছে। এসব ইলিশের মণপ্রতি দাম ৩৮ থেকে ৪০ হাজার টাকা। তিনটি মাছ মিলে ওজন হয় প্রায় ১ কেজি ২০০ গ্রাম।
জেলেরা জানান, ইলিশের দামে তাদের কোনো ভূমিকা নেই। জেলেদের কাছ থেকে আড়ত, পাইকার ও পরিবহন পর্যায়ে হাতবদল হওয়ার সময় দাম বাড়ে। তার ওপর পদ্মা-মেঘনার ইলিশের স্বাদ ও স্বল্পতা এর দাম বেশি রাখে।
ক্রেতারা মনে করছেন, সিন্ডিকেট ও হাতবদলের কারণে দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক মোহসীন উদ্দিন কালবেলা বলেন, “ইলিশের দাম নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। নির্দিষ্ট কোনো সিন্ডিকেটের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”



