
পর্যটন সংবাদ ডেস্ক: চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক হুঁশিয়ারি দিয়েছেন, চাঁদপুরের কোনো বিএনপি নেতা-কর্মী সালিশ-বৈঠকে অংশ নিলে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) হাইমচর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের এক যৌথ সাংগঠনিক সভায় তিনি এ ঘোষণা দেন।
শেখ ফরিদ বলেন, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিংয়ের সঙ্গে কোনো আপস নেই। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে অন্যায়ের সঙ্গে আপস করার প্রশ্নই আসে না।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মধ্য দিয়েই জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি হাইমচরের হিন্দু সম্প্রদায়ের মানুষকে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের আশ্বাস দেন।
সভায় তিনি চলতি মাসেই বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শেষ করার নির্দেশ দেন। পাশাপাশি হাইমচর উপজেলা মহিলা দলের কমিটি দ্রুত গঠনেরও তাগিদ দেন।
হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন— জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী এবং আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনুর বেগম। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারাও সভায় উপস্থিত ছিলেন।



