চট্টগ্রাম সিটি গেটে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৪, আহত কয়েকজন

পর্যটন সংবাদ ডেস্ক:চট্টগ্রামের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন প্রাণ হারিয়েছেন। সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে মাছ ব্যবসায়ীদের বহনকারী পিকআপ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮) ও অজিত দাশ (৩০)। নিহত ও আহত সবাই মাছ ব্যবসায়ী। তারা ভোরে চট্টগ্রামের ফিশারি ঘাটে মাছ সংগ্রহ করতে যাচ্ছিলেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, পিকআপ ভ্যানে মোট ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন। কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই পিকআপের সামনের যাত্রীরা গুরুতর আহত হন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, ভোরে এ দুর্ঘটনার পর সিটি গেট এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

Read Previous

সিলেটের সাদাপাথর: লুটের ক্ষত পেরিয়ে পর্যটকের ভিড়

Read Next

ইবি অভ্যুত্থানবিরোধী ভূমিকা: ১৯ শিক্ষকসহ ৬১ জনের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular