
ছবি: সংগৃহীত
পর্যটন সংবাদ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে বিক্ষুব্ধ জনতা দলটির অফিসে আগুন দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের দিকে হঠাৎ করে একটি বিক্ষুব্ধ দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে স্লোগান দিতে থাকে। কিছুক্ষণ পরই তারা ভবনের ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই ভবনের নিচতলা থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ে চারপাশে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গুলিস্তান এলাকা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যান চলাচল আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে, যার ফলে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, দোকানপাট বন্ধ করে দিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা।
ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত আছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করছে পুরো এলাকায়।
আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়ার এই ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে।
আসছে বিস্তারিত…



