গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়লো চারটি গুদাম

পর্যটন সংবাদ ডেস্ক: গাজীপুরের হায়দারাবাদ এলাকায় ঝুটের চারটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের টানা সাড়ে তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে গুদামগুলোর ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল ভস্মীভূত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, প্রথমে ঝুট ব্যবসায়ী কাইয়ুমের গুদামে আগুন লাগে। পরে তা দ্রুত পাশের মিজান ও আব্দুল আজিজের গুদামসহ মোট চারটি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সফল না হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একসঙ্গে কাজ শুরু করে। দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নেভাতে বেগ পেতে হলেও অবশেষে সম্মিলিত প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, অগ্নিনির্বাপণ কাজে মূল অগ্রাধিকার ছিল আগুন যাতে পাশের বসতবাড়ি ও অন্যান্য গুদামে ছড়িয়ে না পড়ে। তিনি বলেন, “গুদামে ফেব্রিক্সসহ নানা দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”

আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

Read Previous

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু, র‌্যাগিংবিরোধী কঠোর নির্দেশনা

Read Next

ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ইউক্রেনকে সমঝোতার পরামর্শ, পুতিনকে নিয়ে শান্তিচুক্তির ইঙ্গিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular