
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহটা ছিল মিশ্র। পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন বাজার ঊর্ধ্বমুখী থাকলেও খাতভিত্তিক ফলাফল এসেছে একেবারে ভিন্ন চিত্র নিয়ে।
সবচেয়ে আলোচিত খাত ছিল তথ্য ও প্রযুক্তি। খাতটির শেয়ারে বিনিয়োগকারীরা পেয়েছেন গড়ে ১১ দশমিক ৬৬ শতাংশ রিটার্ন, যা সব খাতের মধ্যে সর্বোচ্চ। আশ্চর্যের বিষয় হলো—তালিকাভুক্ত ১১টি আইটি কোম্পানির সবগুলোর শেয়ারের দামই বেড়েছে। জীবন বীমা খাত এসেছে দ্বিতীয় স্থানে, যেখানে রিটার্ন ৯ দশমিক ৭৪ শতাংশ। আর তৃতীয় স্থানে সিরামিক, খাতে রিটার্ন ৭ দশমিক ৫৩ শতাংশ।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, পাট, প্রকৌশল, মুদ্রণ ও কাগজ, আর্থিক প্রতিষ্ঠান, চামড়া—এসব খাতেও ইতিবাচক রিটার্ন এসেছে।
অন্যদিকে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে সিমেন্ট খাত। গড়ে ২ দশমিক ১৯ শতাংশ রিটার্ন হারিয়ে খাতটি হয়েছে সপ্তাহের শীর্ষ লুজার। বিশেষ করে দুই বহুজাতিক সিমেন্ট কোম্পানির দরপতন পুরো খাতকেই নিচে নামিয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ নেতিবাচক রিটার্ন এসেছে কর্পোরেট বন্ড খাতে (০ দশমিক ৯৫ শতাংশ)। ভ্রমণ ও অবকাশ, বিদ্যুৎ ও জ্বালানি, মিউচুয়াল ফান্ড, বস্ত্র এবং ওষুধ ও রসায়ন খাতেও শেয়ারের দাম কমেছে।
লেনদেনের দিক থেকে সবচেয়ে বড় অবদান রেখেছে ওষুধ ও রসায়ন খাত। প্রতিদিন গড়ে প্রায় ১৭৯ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে এ খাতের শেয়ারে। দ্বিতীয় সর্বোচ্চ ছিল ব্যাংক খাত (গড়ে ১৪৯ কোটি ৯৬ লাখ টাকা), তৃতীয় স্থানে বস্ত্র খাত (গড়ে ১৩৮ কোটি ৮৮ লাখ টাকা)।
পুরো সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৪৯১ ককোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
আইটি খাতে ঝড়ো উত্থান বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে, কিন্তু সিমেন্ট খাতের ধস তাদের সতর্ক করছে যে বাজারে এখনো ঝুঁকি রয়ে গেছে।



