
পর্যটন সংবাদ ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের অনুমতি পাননি ৯৮ জন বাংলাদেশি যাত্রী। ঢাকা থেকে ফ্লাইটে পৌঁছালেও তাদের দেশটিতে প্রবেশে ‘নো টু ল্যান্ড’ নোটিশ জারি করেছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।
শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যম বার্নামার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরের প্রথম টার্মিনালে রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত বিশেষ অভিযান চালায় একেপিএস। এ সময় ১৮১ জন যাত্রীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৯৮ জন বাংলাদেশির কাছে বৈধ ডকুমেন্টস না থাকায় তারা অভিবাসন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।
একেপিএস-এর পক্ষ থেকে জানানো হয়, আটক যাত্রীরা ভোরে ঢাকা থেকে পৌঁছান। ধারণা করা হচ্ছে, দিনের বেলার কঠোর কাগজপত্র যাচাই এড়াতেই তারা এ সময়ে ভ্রমণের চেষ্টা করেছিলেন।
‘নো টু ল্যান্ড’ নোটিশ প্রাপ্ত বাংলাদেশিদের আপাতত বিমানবন্দরেই রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ।



