২২/০৪/২০২৬
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে দুধকুমার নদে ভেসে এলো মৃত গন্ডার, যাদুঘরে সংরক্ষিত হবে হাড়গোড়

পর্যটন সংবাদ ডেস্ক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে ভারত থেকে ভেসে এসেছে একটি মৃত গন্ডার। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের দুধকুমার নদের চরে আটকা পড়ে বিশালদেহী গন্ডারটি।

স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভারতের বিভিন্ন বনাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। তাতে গন্ডারের আবাসস্থল তলিয়ে যাওয়ায় প্রাণীটি পানিতে ভেসে এসে বাংলাদেশের অংশে প্রবেশ করেছে।

নদীপাড়ের বাসিন্দারা মৃত গন্ডারটি দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যান কামরুল ইসলামকে খবর দেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলী, এবং যমুনা সেতু আঞ্চলিক যাদুঘরের কিউরেটর জুয়েল রানা।

রেঞ্জ কর্মকর্তা সাদিকুর রহমান জানান, “গন্ডারটি আকারে খুব বড় ও ভারী হওয়ায় অন্যত্র সরানো সম্ভব নয়। তাই ইউপি চেয়ারম্যানকে ঘটনাস্থলেই গর্ত করে মাটিচাপা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরে যাদুঘরের দল এসে হাড়গোড় সংগ্রহ করবে।”

যমুনা সেতু আঞ্চলিক যাদুঘরের কিউরেটর জুয়েল রানা বলেন, “আমরা গন্ডারটির দেহ পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি। প্রাকৃতিকভাবে পচন প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় দুই মাস লাগবে। এরপর হাড়গোড় সংগ্রহ করে যাদুঘরে সংরক্ষণ করা হবে, যা ভবিষ্যতে শিক্ষা ও গবেষণায় কাজে লাগানো হবে।”

স্থানীয়রা জানায়, সাম্প্রতিক বন্যায় দুধকুমার নদে ভারতীয় সীমান্ত থেকে ভেসে এসেছে গাছের গুঁড়ি, সাপ, মাছ এমনকি মৃত গরুও। তবে এই প্রথমবারের মতো বিশাল আকৃতির কোনো বন্যপ্রাণী ভেসে আসায় এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে।

এই ঘটনাটি সীমান্তবর্তী অঞ্চলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক দুর্যোগে প্রাণীদের ঝুঁকির নতুন এক দৃষ্টান্ত তুলে ধরেছে।

Read Previous

ব্রহ্মপুত্রের বুকে কাশফুলের স্বপ্নরাজ্য

Read Next

বিমানের জেট ফুয়েলের দাম আবারও বেড়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular