
পর্যটন সংবাদ ডেস্ক :রবিবার বাংলাদেশে কানাডার হাইকমিশন ভিসা আবেদনকারীদের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা প্রকাশ করেছে। মিশনের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, দেশটিতে ভ্রমণ বা অভিবাসনের স্বপ্ন দেখা অনেক ব্যক্তি প্রতারকদের জালে আটকে পড়ছেন। হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ভিসা প্রক্রিয়া ‘সহজ’ বা ‘দ্রুত’ করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তাহলে তাদের সঙ্গে সতর্কতার সঙ্গে আচরণ করতে হবে।
হাইকমিশন কয়েকটি লাল পতাকা তুলে ধরেছে যা প্রতারণার ইঙ্গিত দেয়। এর মধ্যে রয়েছে—সোশ্যাল মিডিয়ায় নিজেদের ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (IRCC)-এর প্রতিনিধি বলে দাবি করে ব্যক্তিগত তথ্য চাওয়া, রসিদ ছাড়া শুধু নগদ টাকা নেওয়া এবং ভিসা অনুমোদনের ‘গ্যারান্টি’ দেওয়া। এছাড়া ইমেইল, ফোন কল অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ভিসা ফি পরিশোধের অনুরোধও জালিয়াতির একটি সাধারণ লক্ষণ বলে উল্লেখ করা হয়েছে।
আরও একটি বড় সতর্কতা হলো—ভিসা নথিতে একাধিক ভুল বা অসঙ্গতি থাকা সত্ত্বেও আবেদন গ্রহণের প্রস্তাব দেওয়া। হাইকমিশন জোর দিয়ে বলেছে, আবেদনকারীরা শুধুমাত্র কানাডার সরকারি ওয়েবসাইট ও অফিসিয়াল সূত্র থেকে তথ্য নেবেন। প্রতারণা ও কেলেঙ্কারি থেকে বাঁচতে IRCC-এর অফিসিয়াল গাইডলাইন পড়ার পরামর্শও দিয়েছে মিশন।
কানাডা ভ্রমণ বা অভিবাসনের স্বপ্ন নিয়ে থাকা বাংলাদেশিদের জন্য এই সতর্কবার্তা অত্যন্ত সময়োপযোগী। হাইকমিশনের মতে, সচেতনতাই একমাত্র উপায় যাতে কেউ নিজের স্বপ্ন ও অর্থ হারিয়ে না ফেলেন।



